
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় তাঁদের হাতে সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বুধবার (১১ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী গোপালগঞ্জ জেলার পুলিশ সদস্যদের স্মরণে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তাঁরা আরও বলেন, কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া এসব পুলিশ সদস্যের আত্মত্যাগ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এবং আত্মত্যাগের স্বীকৃতি জানাতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন ধরনের সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
NGS/MMH