
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে জারি করা কারফিউর প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে এই বাহিনী।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের স্বার্থে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।” নৌবাহিনী আরও জানিয়েছে, তারা জনগণের আস্থা ও সহায়তার মাধ্যমে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহিংসতা ঠেকাতে ইতোমধ্যে জারি করা হয়েছে কারফিউ। বন্ধ রয়েছে দোকানপাট ও যানবাহন চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।
এদিকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সবার সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন প্রশাসনিক কর্মকর্তারা।