
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত খাদ্য গুদাম অপসারণের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, টুঙ্গিপাড়া উপজেলার একটি পুরাতন খাদ্য গুদাম অপসারণের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় দরপত্র আহ্বান করে। এতে আমিনুর এন্টারপ্রাইজসহ ১৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে আমিনুর এন্টারপ্রাইজ ৬ লাখ ১৯ হাজার টাকায় নির্বাচিত হলেও, পরে তার স্বাক্ষর জাল করে টেন্ডার প্রত্যাহারের আবেদন জমা দেওয়া হয়। এর ফলে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মো. আলভি ট্রেডার্সকে ১ লাখ ৬৫ হাজার টাকায় কাজটি দেওয়া হয়, যার ফলে প্রায় ৫ লাখ টাকা রাজস্ব ক্ষতির মুখে পড়ে সরকার।
এ ঘটনায় আমিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দুদকের কাছে অভিযোগ দায়ের করলে তদন্তে অভিযোগের সত্যতা মেলে। দুদকের উপপরিচালক মোঃ মশিউর রহমান জানান, তদন্তে দেখা গেছে টেন্ডার প্রত্যাহারের কাগজপত্রে আমিনুর এন্টারপ্রাইজের স্বাক্ষরের সঙ্গে প্রকৃত স্বাক্ষরের মিল নেই। এটি খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কোনো কর্মকর্তার যোগসাজশে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়, সোহরাব হোসেন সোহেলসহ দুদকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।