
স্টাফ রিপোর্টার: মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার স্বচ্ছতা সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরী এবং প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ এপ্রিল অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “এখানে উপস্থিত সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিদের মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁদের মাধ্যমে গ্রাম আদালতের তথ্য প্রান্তিক জনগণের কাছে পৌঁছানো উচিত। বিশেষ করে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “যে সকল এনজিওগুলো ক্রেডিট প্রোগ্রামের মাধ্যমে সুবিধাভোগীদের সহায়তা প্রদান করছে, তাদের মাধ্যমেও গ্রাম আদালতের কার্যক্রম এবং সুবিধাসমূহ প্রচার করা জরুরি।”
সভায় সভাপতিত্ব করেন বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক, স্থানীয় সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালতের কার্যক্রম সকলের মাঝে পৌঁছাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের বিভিন্ন কার্যক্রমের সাথে গ্রাম আদালতের সুবিধাসমূহ সংযুক্ত করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গ্রাম আদালত প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষকে সুলভে ন্যায় বিচার প্রদান করতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রাম আদালতে কোনো অর্থ খরচ হয় না।” তিনি আরও উল্লেখ করেন, “ফৌজদারি মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০ টাকা, এই সামান্য খরচে সর্বোচ্চ তিন লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।”
এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন এনজিওর জেলা প্রতিনিধি সহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।