
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণফুকরা গ্রামে পাঁচ কেজি গাঁজাসহ নজরুল মোল্লা (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল মোল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান।
তিনি জানান, “আটকের সময় তার হেফাজত থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পরে সদর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।”
মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।