
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে আলেয়া (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (৭ মে) সকাল ১০টার দিকে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আলেয়ার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণী গ্রামে। তাঁর বাবা আহাদ মুন্সী। আলেয়া কিছুদিন আগে ঢাকায় গৃহকর্মীর কাজ ছেড়ে বড় বোনের সঙ্গে ইসলামবাগ এলাকায় বাস করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, আলেয়ার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের কালু শেখ নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তবে সম্প্রতি কালু বিয়ে করতে অস্বীকৃতি জানালে আলেয়া মানসিকভাবে ভেঙে পড়েন।
আজ সকালে সবার অগোচরে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেয়েটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যার প্রাথমিক ধারণা মিললেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।