
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায়। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ উঠেনি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়লে দুইজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছেন।