
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ
আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি এবং ছাত্র-জনতার বিজয়ের স্মরণে গোপালগঞ্জে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায়’ ৫ আগস্টকে ‘বিজয়ের দিন’ হিসেবে উদ্যাপন করতে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লার নেতৃত্বে শহরের বিসিক নগরীর সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এসএম জিয়াউল কবির বিপ্লব, কেএম বাবর, উপজেলা বিএনপির সভাপতি লেলিন সিকদার, জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক রিপন দাড়িয়া, সদস্য আনিচুর রহমান নাসিম, জমিরউদ্দিন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, শ্রমিক দল নেতা নাসির খাঁ, হযরত আলী ও কামরুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার সাহসী রুখে দাঁড়ানোর দিন। এদিন বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল।” তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান এবং সরকারবিরোধী আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।