
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ব্যবসায়ী আসলাম শেখকে হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার প্রধান অভিযুক্ত সাজ্জাদ শিকদারকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫ খ্রি.) গভীর রাতে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল ও লোহাগড়া থানা পুলিশের যৌথ অভিযানে করফা গ্রামের নিজ বাড়ি থেকে সাজ্জাদ শিকদারকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী আসলাম শেখের দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রাম থেকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করা হয় এবং হত্যার চেষ্টা চালানো হয়। অভিযুক্ত সাজ্জাদ শিকদার, পিতা- চান শিকদার, সাং-করফা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল এবং তার সহযোগীরা এ ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলিমুল হুদা জনি জানান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও লোহাগড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত সাজ্জাদ শিকদারকে বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানা পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।