
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভোররাতে বিশেষ অভিযানে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোর আইন সংঘাতে জড়িত শিশু হিসেবে চিহ্নিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানা-র সাধারণ ডায়েরি নং–৯৩০ (তারিখ: ২০/০২/২০২৬ খ্রি.)-এর ভিত্তিতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম চলছিল। ২১ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে লঞ্চঘাট এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পাওয়া যায়, পুলিশ লাইন্স মোড় ট্রাফিক বক্সের বাম পাশে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিটে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আটক কিশোরের জ্যাকেটের বুক পকেট থেকে চারটি স্বচ্ছ পলিজিপারে মোড়ানো মোট ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন আনুমানিক ৬৯ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সকাল ৬টা ১৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।
আটক কিশোর রিফাত শেখ (১৭) নড়াইল জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গোপালগঞ্জ সদর এলাকায় বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
NGS/MMH