
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বাজারের বাইন মার্কেট এলাকায় সরকারি জমি দখল করে গড়ে তোলা পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২০ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জানান, গোপালপুর বাজার এলাকায় সরকারি ৩ দশমিক ৩১ শতাংশ জমি দখল করে পাঁচজন প্রভাবশালী ব্যক্তি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। বারবার নোটিশ প্রদান করেও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এদিন অভিযান চালিয়ে দোকানগুলো উচ্ছেদ করা হয়।
এই অভিযানে প্রায় ২ লাখ ৩৯ হাজার ৪৩১ টাকার সরকারি ভূমি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।