
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ পশ্চিমপাড়া এলাকার মধুমতি নদী থেকে মাথাবিহীন ও অঙ্গহীন একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত (২৪ জুলাই) বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) মো. আইয়ুব হোসেন জানান, নিয়মিত টহলের সময় সরকারি বেতার যন্ত্রের মাধ্যমে খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন।
লাশটি ছিল অত্যন্ত বিকৃত অবস্থায়—মাথা, দুই পা ও দুই হাতের কবজি পর্যন্ত অংশ নেই। শরীরের বিভিন্ন স্থানে চামড়া ও মাংস খসে পড়েছে। পরনে ছিল শুধু খয়েরি রঙের একটি জাঙ্গিয়া। বুকের সঙ্গে বাঁধা ছিল নীল ও খয়েরি রঙের একটি চাদর ও হলুদ রঙের একটি ওড়না, যেগুলোর মধ্যে একটি প্লাস্টিকের বস্তাও ছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক ২০-২৫ দিন আগে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কনস্টেবল এনায়েত হোসেনের মাধ্যমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে মফিদুল ইসলাম ফাউন্ডেশনের সহায়তায় গোপালগঞ্জ পৌর কবরস্থানে লাশটি দাফন করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (ধারা ৩০২/২০১ পেনাল কোড) দায়ের করা হয়েছে।