
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা বিএনপি তৃণমূলের মনোবল বাড়াতে সোমবার ডা. কে এম বাবর দৃঢ় আশ্বাস দিয়েছেন যে, এবার গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসছে। তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, তার যথাযথ প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ।”
১৪ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ মিনিটে এক সমাবেশে ডা. বাবর আরও জানান, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে কমিটমেন্ট তিনি করেছেন, তা আগামী তিন মাসের মধ্যেই ধাপে ধাপে বাস্তবায়ন হবে। তার পরিকল্পনার মূল লক্ষ্য হলো সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জরুরি চিকিৎসা সুবিধা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো।
তিনি বলেন, “গোপালগঞ্জ-২ আসনের প্রতিটি মানুষের খোঁজখবর আমি নিজে রাখব। কেউ যদি রাত তিনটায়ও আমাকে ফোন দেয়—আমি সাড়া দেব। জনগণের পাশে থাকা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি আমার নৈতিক অঙ্গীকার।”
ডা. বাবরের বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ উত্তেজিত ও উৎসাহিত হন। সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন সিকদার, সাবেক ছাত্রদলের সম্পাদক ও জেলা বিএনপির আহবাক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব সহ আরও অনেকে।
দলীয় নেতারা সমাবেশ শেষে জানান, গোপালগঞ্জে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে স্বাস্থ্য, সেবা এবং জনগণের সরাসরি অংশগ্রহণই হবে মূল চালিকাশক্তি। দীর্ঘদিন ধরে অবহেলিত স্বাস্থ্য খাতে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে গোপালগঞ্জবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।