
স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জ
১৫ জুন ২০২৫, রবিবার
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একের পর এক তিনটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা ও বাসের হেল্পার নিহত হয়েছেন। দুর্ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তা ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (১৫ জুন) ভোররাতে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান মোরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী আরমান পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এর পরপরই পেছন থেকে আসা এসপি গ্রীন লাইনের একটি বাস একইভাবে আঘাত করে। এতে আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায়। তখন চট্টগ্রাম থেকে খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক ও দু’টি বাসকে ধাক্কা দেয়, ফলে চতুর্মুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে উদ্ধার কাজে থাকা হাইওয়ে পুলিশের এটিএসআই (ATSI) রফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় আহত ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়। সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।