
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি
দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের জন্য অষ্টমবারের মতো পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবির) সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মনিরুল ইসলাম মনির। মঙ্গলবার (৯ জুলাই ২০২৫) গোপালগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপারের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ধারাবাহিক দক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রাখায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এএসআই মনিরুল ইসলাম মনির গোপালগঞ্জ জেলা পুলিশের একজন নির্ভরযোগ্য ও সম্মানিত সদস্য হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমি অঙ্গীকার করছি, ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেব।”
পুলিশ সুপার অনুষ্ঠানে বক্তব্যকালে এএসআই মনিরুল ইসলামের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন এবং তার মতো কর্মকর্তাদের অনুপ্রেরণায় পুরো বাহিনী আরও দক্ষতার সঙ্গে কাজ করতে উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গোপালগঞ্জ জেলা পুলিশ তার এই ধারাবাহিক সফলতায় গর্বিত বলে জানায়। পুলিশ বিভাগ আশা করছে, মনিরুল ইসলামের মতো কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন।