
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. হামিদুর রহমানের গোপালগঞ্জ সফর উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতি ও বিচার বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের।
জানা গেছে, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলার বিভিন্ন ট্রাইব্যুনাল পরিদর্শনের অংশ হিসেবে দুই বিচারপতি গোপালগঞ্জ সফর করেন। তাঁদের সফর উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. হামিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।