
বিশেষ সংবাদদাতা:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার চরখিদিরপুর এলাকায় প্রবাসী এক পরিবারের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রবাসী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দা মো. শাহজান (৩৭) বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ২৯১, তারিখ: ৭ অক্টোবর ২০২৫) দায়ের করেছেন।
শাহজান জানান, তিনি ও তাঁর ভাইয়েরা গত ২১ মে ২০২৫ তারিখে পারুল আক্তার নামের এক নারীর কাছ থেকে প্রায় ১১ শতক জমি ক্রয় করেন (আরএস খতিয়ান নং ৪০৮, বিএস খতিয়ান নং ২৫-২৮৫৭)। ক্রয়ের কিছুদিন পর স্থানীয় তিন ব্যক্তি—আলী আহাম্মদ (৪৫), শহর মুন্নুক (৬৮) ও আনোয়ারা বেগম (৩৩)—উক্ত জমির একটি অংশ জোরপূর্বক দখল করে নেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও আপোষের উদ্যোগ নেওয়া হলেও সমাধান আসেনি। বরং সময়ের সঙ্গে হুমকি ও ভয়ভীতির মাত্রা বেড়েছে বলে দাবি করেন শাহজান। তিনি বলেন, “আমি যদি জমি ছেড়ে না দিই বা থানায় অভিযোগ করি, তারা আমাকে হত্যা করবে, নারী দিয়ে মিথ্যা মামলা দেবে, এমনকি এলাকায় থাকতে দেবে না বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে।”
গত ৭ অক্টোবর সকাল প্রায় ১০টার দিকে শাহজান ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের জমিতে ইট রাখতে গেলে অভিযুক্তরা বাধা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। ফলে পরিবারটি গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে। চরখিদিরপুরের স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে এই বিরোধ দীর্ঘদিনের। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিরা সমঝোতার চেষ্টা করলেও কোনো স্থায়ী সমাধান আসেনি।
বোয়ালখালী থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জিডিটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় আইনজীবীরা বলেন, দলিল থাকা সত্ত্বেও ভূমি দখল নিয়ে বিরোধ এখন গ্রামীণ সমাজের এক গভীর সংকট। এতে শুধু আইনি জটিলতা নয়, সামাজিক সম্প্রীতিও নষ্ট হচ্ছে। তাদের মতে, প্রশাসনের সক্রিয় তৎপরতা ও স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপই পারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।
প্রবাসী শাহজানের স্ত্রী বলেন, “আমরা শুধু নিজের জায়গায় শান্তিতে থাকতে চাই। কিন্তু প্রতিদিন যেভাবে হুমকি দিচ্ছে, তাতে ভয় লাগে কখন কী হয়ে যায়।” বর্তমানে পরিবারটি আইনের প্রতি আস্থাশীল থেকে প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। বোয়ালখালীর চরখিদিরপুরে প্রবাসী পরিবারের এই জমি দখল বিরোধ এখন এলাকাবাসীর আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।