
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহরের সিডিএ বালুর মাঠে জমকালো আয়োজনে গত শুক্রবার বিকেলে শুরু হয়েছে ২য় শ্রমজীবী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট। শ্রমজীবী ও কর্মজীবী ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে লড়ছে ১৬টি দল।
দিনের উদ্বোধনী ম্যাচে ফ্রেন্ডস ইউনাইটেড দুর্দান্ত নৈপুণ্যে ৩-০ গোলে হারায় এফসি টাইগার বয়েজকে। দলের হয়ে অসীম দুটি ও আশরাফুল একটি গোল করেন। চমৎকার পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ফ্রেন্ডস ইউনাইটেডের অধিনায়ক অসীম।
দ্বিতীয় ম্যাচে ছিল উত্তেজনার ঝড়। গত আসরের চ্যাম্পিয়ন নিউ স্টার ফুটবল একাডেমি ১-০ গোলে হারায় গতবারের সেমিফাইনালিস্ট বাংলার টাইগার নেত্রকোনা দলকে। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন মো. বিজয়। তাকেই নির্বাচিত করা হয় ম্যাচসেরা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। খেলোয়াড়দের সঙ্গে পরিচয় বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার ও মেসার্স আনোয়ার ডেকোরেশনের পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন। উদ্বোধক অতিথি ছিলেন বর্ষীয়ান ফুটবলার ও সংগঠক মো. আসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মো. জাহাঙ্গীর আলম, মো. হারুন, কোচ মো. আলাউদ্দিন, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং সংগঠক মো. আব্দুল কাইয়ুম। টুর্নামেন্টের সমন্বয়কারী মো. মামুনের সঞ্চালনায় সভায় অংশ নেন সহকারী সমন্বয়ক মো. জাহিদ হোসেন রুবেল, আব্দুস সালাম, মো. মহিউদ্দিন ও মামুন। ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. কামাল হোসেন, মো. মাসুদ রানা ও রুবেল।
আয়োজক কমিটি জানিয়েছে, শুধুমাত্র শ্রমজীবী ও কর্মজীবীদের নিয়ে আয়োজিত এই ব্যতিক্রমী টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।
শ্রমজীবী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টকে ঘিরে হালিশহর এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঠজুড়ে দর্শকদের উল্লাস ও খেলোয়াড়দের প্রাণশক্তি প্রমাণ করছে—শ্রমজীবীদের এই ক্রীড়া আসর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।