1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, গুরুত্ব দিলেন সক্ষমতা বৃদ্ধিতে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

দেশের জাহাজ মেরামত ও নির্মাণশিল্পের সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দেখতে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিচালনব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় প্রতিষ্ঠানটির সক্ষমতা ও কারিগরি দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিডিডিএলে পৌঁছালে বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন। দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। তবে পরবর্তী সময়ে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং এর কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ হাজার ৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে সিডিডিএল। পাশাপাশি কনটেইনার ভেসেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্যসংখ্যক পন্টুন নির্মাণ করেছে। জাহাজের ড্রাই ডকিংয়ের পাশাপাশি ভাসমান অবস্থায় জাহাজ মেরামতের সেবাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

জাহাজ মেরামতের পাশাপাশি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণেও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিডিডিএল। সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ এবং নিজস্ব উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, দক্ষ জনবল গড়ে তোলা, সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে প্রতিরক্ষা সরঞ্জাম ও যুদ্ধজাহাজ নির্মাণে দেশীয় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, আমদানিনির্ভরতা কমানো এবং প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি হবে।

সিডিডিএলের কার্যক্রম শুধু জাহাজ মেরামত ও নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন মৌলিক শিল্পখাতেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল অবকাঠামো নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। এসব কার্যক্রম দেশের শিল্পায়ন ও কারিগরি সক্ষমতা বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতি হিসেবে সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) সদস্যপদ লাভ করেছে।

সিডিডিএলের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং বহুমুখী শিল্পসেবা দেশের সামুদ্রিক খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও সম্প্রসারিত হলে জাহাজ নির্মাণ ও মেরামতশিল্পের পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park