
মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ (৪ ডিসেম্বর)। তার হৃদয়ছোঁয়া সুর ও গানের মাধুর্যে সাধারণ মানুষের জীবনবোধ, প্রেম, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে তিনি অমর হয়ে আছেন।
বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম বিজয় অধিকারী। জীবদ্দশায় তিনি একাধারে গায়ক, সুরকার ও গীতিকার হিসেবে বাংলা লোকসংগীতকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনি ১,৮০০-এর বেশি গান লিখেছেন ও সুর করেছেন।
মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সহিষ্ণুতার উদাহরণ হিসেবে তার কিছু গান আজও প্রাসঙ্গিক। স্ত্রী বীণাপাণির মৃত্যুসংবাদ তিনি গানের আসরেই তুলে ধরেছিলেন। এছাড়া, গ্রামবাংলার প্রেম ও অভিমানও তার সুর ও শব্দে অমর হয়ে আছে। লোকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।
বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সকাল ১০টায় বিজয়গীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় আবৃত্তি, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই আয়োজন করছে জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন।
বাংলার লোকসংগীতের আকাশে চির আলোকিত একটি নাম—বিজয় সরকার। তার গান যুগে যুগে মানুষের স্মৃতির পাতায় ও ভালোবাসায় বেঁচে থাকবে।
NGS/MMH