
হারুন শেখ, রামপাল (বাগেরহাট):
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিকের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় চুলকাটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা।
প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ অমিতকর বিলাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, পুলিশের এমন আচরণ সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার প্রতি চরম অবমাননা।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রামপাল-মোংলা প্রতিনিধি সুজন মজুমদার, সহসভাপতি আকবর কবির পিন্টু, যমুনা টিভির প্রতিনিধি মনোয়ার রনি, দৈনিক খুলনা গেজেট প্রতিনিধি মেহেদী হাসান, ইনকিলাব প্রতিনিধি আমিনুল ইসলাম নান্টু, দৈনিক জন্মভূমি প্রতিনিধি রবিউল ইসলাম রাকিব, হারুন শেখসহ চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সহসভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন এবং সাংবাদিক মিজানুর রহমান মিঠু, মজনু শেখ, তরিকুল মোল্লা, আসাদুজ্জামান সোবহান, জাকারিয়া হোসেন শাওন, রিয়াদ মোড়ল, সাকিব হাসান জনি, শৈশব, মুরাদ শেখ ও ইমরুল হাসান সাজ্জাদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি মৌখিক অভিযোগের ভিত্তিতে এক নারীকে সিভিল পোশাকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ সদস্যরা শালীনতাহানির ঘটনা ঘটায়। এ সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করলে তাদের ভয়ভীতি ও গালিগালাজের মুখে পড়তে হয় এবং ভিডিও মুছে ফেলার জন্য হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে এলাকার সাধারণ মানুষও অংশগ্রহণ করে পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন।