
সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের উপস্থিতিতে কনফারেন্স রুমে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি অমৃত রায় এবং উপস্থিত ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া। জবিরিইউর উপদেষ্টা রিসাত রহমান স্বচ্ছ বলেন, “আগে ক্যাম্পাসে সাংবাদিকদের নিয়ে নানা কটূক্তি করা হতো। কিন্তু আন্দোলনের সময়ও ক্যাম্পাস সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা রেখেছে। সাংবাদিক শশী ও এনামুলের মতোদের কারণে আজও সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে।”
সহকারী প্রক্টর মাহাদী হাসান জুয়েল সাংবাদিকদের প্রতি পরামর্শ দিয়ে বলেন, “একটি ভালো নিউজ আগে প্রকাশ হয়ে গেলে অন্যরা সেটি করতে চায় না। তবে সাংবাদিকতার মূল উদ্দেশ্য হলো সত্য তুলে ধরা। তাই যাচাই-বাছাই করে সব বিষয়ে নিউজ করার আহ্বান জানাই।”
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ক্যাম্পাসে সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনন্য। জবিরিইউ সবসময় জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করেছে। রাজনৈতিক দল যেই হোক, সাংবাদিকদের উচিত সঠিক তথ্য যাচাই করে লেখা।”
আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, “রিপোর্টার্স ইউনিটি নিরপেক্ষভাবে কাজ করছে। তাদের জন্য একটি বড় রুম বরাদ্দের দাবি করছি উপাচার্যের কাছে।”
বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “রিপোর্টার্স ইউনিটি সাহসের সঙ্গে যেভাবে কাজ করেছে, ভবিষ্যতেও তারা আপসহীনভাবে সে ধারাবাহিকতা বজায় রাখবে।”
ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “ছাত্র সংগঠনগুলোর রিফর্ম ও বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি প্রকাশে রিপোর্টার্স ইউনিটির ভূমিকা আরও জোরালো হওয়া দরকার।”
ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “সত্যকে সত্য হিসেবে এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রকাশ করতে হবে। অতিরঞ্জিতভাবে কাউকে উদ্দেশ্য করে রিপোর্ট করা উচিত নয়।”
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন স্বদেশ প্রতিদিন পত্রিকার মো: জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হন নাগরিক টিভি-এর মো: জাহিদুল হাসান।