
সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা অভিমুখে যাত্রা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের লং মার্চে পুলিশের লাঠি চার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ (১৪ মে) বুধবার দুপুর সাড়ে ১২টার পর কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে লংমার্চটি থেমে যায়। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরবর্তীতে, পুলিশের নৃশংস আক্রমণে আন্দোলনকারীরা মৎস্য ভবন মোড়ের দিকে চলে যান।
এ ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়েছে , তাঁদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন , তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছিলেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি ছিল: ১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করতে হবে। ২. বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কাটছাট না করে অনুমোদন করতে হবে। ৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।