
সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্যদের দীক্ষা ব্যাচ প্রদান এবং সিনিয়র সদস্যদের বিদায়ী সংবর্ধনা সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বক্তৃতায় শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ জীবনকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখানোর গুরুত্বের ওপর জোর দেন এবং আত্মউন্নয়ন ও শারীরিক চর্চার মাধ্যমে জীবনের গতিশীলতা বৃদ্ধির পরামর্শ দেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি রেঞ্জার ইউনিটকে একটি শৃঙ্খলিত বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন, “তোমাদের ইউনিফর্মের গুরুত্ব বুঝে দায়িত্ব গ্রহণ করতে হবে, যাতে পাশের কেউ অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে।”
উপস্থিত ছিলেন রেঞ্জার ইউনিটের রেঞ্জার গাইডার অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজি, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম, জেলা কমিশনার ওবায়দা বানু এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে রেঞ্জার ইউনিটের নতুন সদস্যরা দীক্ষা গ্রহণ করেন এবং সিনিয়র সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।