
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর-থুকড়া-আমভিটা সড়কের বেহাল অবস্থা নিরসনে স্বেচ্ছায় সংস্কার কাজ করেছে ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি। জনগণের দুর্ভোগ লাঘবে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির নির্দেশনায় এবং ইটভাটা মালিক সমিতির নিজস্ব অর্থায়নে সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা অংশে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহপুর-থুকড়া-আমভিটা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহন চালকরা। জনস্বার্থ বিবেচনায় দ্রুত সংস্কারের উদ্যোগ নেয় ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি।
সংস্কার কাজ পরিদর্শন ও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার, সমিতির নেতা আমিনুর রহমান, আমিন, মো. রুহুল আমিন কালু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গাজী আব্দুল হালিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, আব্দুর রব আকুঞ্জি, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ী সংগঠনগুলো এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা এ উদ্যোগের জন্য ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতিকে ধন্যবাদ জানান।
ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার বলেন, “ব্যবসায়িক দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই সংস্কার কাজে অংশ নিয়েছি। সংসদ সদস্যের নির্দেশনা পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে। ভবিষ্যতেও ডুমুরিয়ার যেকোনো জনহিতকর কাজে ইটভাটা মালিক সমিতি জনগণের পাশে থাকবে।”
সড়কটির সাময়িক সংস্কারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, যানবাহন চালক ও সাধারণ পথচারীরা। তবে তারা দ্রুত সড়কটির স্থায়ী ও টেকসই কার্পেটিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
NGS/MMH