
শেখ ফসিয়ার রহমান নড়াইল প্রতিনিধি
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, যেমন—নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদন এবং ভূমি বিষয়ক তথ্যসেবা সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতি ও ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।