
সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) কন্টিনজেন্টের আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা ও কন্টিনজেন্ট পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (৯ মে)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে বিভিন্ন প্লাটুন শৃঙ্খলা, কাঠামোবদ্ধতা ও নিখুঁত ড্রিল কৌশল প্রদর্শন করে নিজেদের দক্ষতা ও প্রস্তুতি তুলে ধরে। উপাচার্য ড্রিল প্রতিযোগিতা প্রত্যক্ষ করার পর বিএনসিসি কন্টিনজেন্টের আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পিইউও সাজিয়া আফরিন। ক্যাডেটদের পক্ষে বক্তব্য দেন ক্যাডেট সার্জেন্ট মো. মোতাকাব্বির এবং পিইউও প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ড. বুশরা জামান। দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ পিইউও ড. মো. আবু হানিফ সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন পিইউও মো. শফিকুল ইসলাম, ড. আতিয়ার রহমান এবং সামরিক প্রশিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচনা পর্বে ক্যাডেটরা বিএনসিসির কার্যক্রমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু যৌক্তিক দাবিদাওয়া পেশ করেন। এসব দাবি মনোযোগ সহকারে শোনেন উপাচার্য এবং কন্টিনজেন্টের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, “বিএনসিসি তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করে। এই মূল্যবোধকে সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে।”
অনুষ্ঠানের শেষপর্বে অফিসার ইনচার্জ বিএনসিসি ইউনিটের সার্বিক সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।