
সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “শহীদ সাজিদের রক্ত ভুলে যাওয়া যাবে না। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি; নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠলে তা নির্মূলে শহীদ সাজিদের রক্ত আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে মিরপুরে পুলিশের গুলিতে সাজিদ গুরুতর আহত হন। দশ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তার স্মরণে জবির বিবিএ একাডেমিক বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে “শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং” রাখা হয়।