
স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
নড়াইল জেলার নড়াগাতী থানার গাজবাড়িয়া গ্রামের বাসিন্দা ফটিক গাজী স্থানীয় বুলু খান ও তার ভাই হোসেন খানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং ঘর ভাঙচুরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ফটিক গাজী উল্লেখ করেন, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ক্রয়সূত্রে প্রাপ্ত একটি জমি ভোগদখল করে আসছেন। তবে একই এলাকার হোসেন খান ওই জমি নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় তাকে গালিগালাজ ও হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, প্রায় ৮ বছর আগে অভিযুক্ত বুলু খান তার কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করে জমির দলিল করে দেওয়ার আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো দলিল সম্পন্ন করা হয়নি।
ফটিক গাজীর দাবি, গত ২৮ মে ২০২৫ তারিখ রাতে বুলু খান ও তার কয়েকজন সহযোগী তার বাড়িতে গিয়ে উচ্চস্বরে হইচই করেন এবং বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুমকি দেন। এ সময় তিনি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেন।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। ফটিক গাজী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বুলু খান ও হোসেন খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা গাজবাড়িয়া গ্রামের মৃত আবেদ খানের সন্তান বলে জানা গেছে।