
নিজস্ব প্রতিবেদক
খুলনায় আজ ২৯ মে ২০২৫, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস (UN Peacekeepers Day) যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

দিবসটি উপলক্ষে সকালে ৭টা ৪৫ মিনিটে খুলনা নগরীর শিববাড়ী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নিউমার্কেট, জোড়া গেট ও এনপি চেকপোস্ট প্রদক্ষিণ করে বানৌজা তিতুমীর ঘাঁটির মূল ফটকে গিয়ে শেষ হয়। এরপর ঘাঁটির ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শহীদ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন অবমুক্তের মধ্য দিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি, খুলনা ও যশোর অঞ্চলের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিএনসিসি ও নৌ স্কাউট সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০০২ সাল থেকে প্রতি বছর ২৯ মে পালিত হয়ে আসছে। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ দিবসটি আন্তর্জাতিকভাবে উদযাপিত হয়। বাংলাদেশ বিশ্বের অন্যতম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।