
নিজস্ব প্রতিবেদক
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ বলে-কয়ে আসে না, তবে সঠিক প্রস্তুতি থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব। অনেক দুর্যোগ মানবসৃষ্ট, যেমন সড়ক দুর্ঘটনা বা গ্যাস সিলিন্ডারের আগুন। এসব বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। দুর্যোগকালীন সময় কীভাবে কাজ করতে হবে, সে সম্পর্কে জনগণকে প্রশিক্ষণ দেওয়া হলে ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম। আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আবু বকর জামান, সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সহকারী আবহাওয়াবিদ মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা প্রয়োজন। সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগের ক্ষতি কমানো সম্ভব। তারা দুর্যোগ প্রস্তুতি বিষয়ে নিয়মিত মহড়া ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।
আলোচনা সভার আগে খুলনা কালেক্টরেট চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।