
মোঃ মামুন মোল্লা খুলনা
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ পথচলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে খুলনা বিআরটিএ। মঙ্গলবার বেলা ১২টায় আফিল গেট এলাকায় অনুষ্ঠিত এই কর্মশালায় আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ৫২ নম্বর শেখ আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) উসমান সরওয়ার আলম। তিনি বলেন, “দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নিরাপদ চলাচল সম্পর্কে জানতে হবে। নিরাপদ সড়ক ব্যবস্থায় জনগণের সচেতনতা সবচেয়ে বড় শক্তি।” তিনি শিক্ষার্থীদের রাস্তা পারাপারের নিয়ম, নিরাপদ গতির ধারণা এবং দুর্ঘটনা এড়ানোর কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন।
প্রধান বক্তা হিসেবে খুলনা বিআরটিএর লাইসেন্স শাখার পরিদর্শক মো. সাইফুল ইসলাম সড়ক নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএর কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী, কাজী মুরাদুল ইসলাম, নাছিমা খাতুন, দীপ্তি পোদ্দার, পলিয়ারা খাতুন, অমিয় কুমার মল্লিক, মহানন্দ রায়, প্রভাত কুমার, আহসান হাবিব, পেয়ারা খাতুন, মনিরা খাতুন, জয়দেব বিশ্বাস, দিলীপ দাস, কুতুবউদ্দিন, বনশ্রীসহ দুই বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকারা।
বক্তারা জানান, সড়ক দুর্ঘটনা কমাতে বিআরটিএ ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ক্ষেত্রে আঘাতের মাত্রা অনুযায়ী ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে বলে কর্মশালায় জানানো হয়।