
হাফিজা খানম, স্টাফ রিপোর্টার
খুলনার রূপসায় সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল নিজ বাসভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। “প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে একটি করে ফলের গাছ”—এই প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশবান্ধব কর্মনীতির আদর্শকে পুনর্জীবিত করার লক্ষ্যে শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি ছিলেন পরিবেশবান্ধব উন্নয়নের পথপ্রদর্শক। আজ আমরা তাঁর কর্মনীতিকে সামনে রেখে নতুন প্রজন্মকে প্রকৃতি রক্ষার বার্তা দিতে চাই। গাছ লাগানো মানে শুধু সবুজায়ন নয়, এটি আমাদের দায়িত্ব ও দেশপ্রেমের প্রতীক।” তিনি আরও বলেন, “দেশের প্রতিটি মানুষ যদি বছরে একটি করে গাছ রোপণ করে এবং তা যত্ন নেয়, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারব। বিএনপি সরকারে গেলে জাতীয় পর্যায়ে এই উদ্যোগকে একটি জনআন্দোলনে রূপ দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা বিএনপির সদস্য মো. আব্দুর রশিদ ও মো. আব্দুস সালাম মল্লিকসহ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিববৃন্দ।
স্থানীয় নেতা-কর্মীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়—বরং জলবায়ু পরিবর্তনের সময়োপযোগী উদ্যোগ, যা রূপসা ও আশপাশের গ্রামীণ জনপদে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে।