
এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):
“জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৫” উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের স্থানীয় অংশগ্রহণকারী (জুলাই যোদ্ধা), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “এই দিনটি আমাদের স্বৈরাচারবিরোধী চেতনায় উজ্জীবিত করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রেরণা জোগায়।”
আলোচনা সভা শেষে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি, অগ্রগতি ও গণতন্ত্র রক্ষায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রশাসন, দিঘলিয়া, খুলনা।