
ঝিনাইদহ প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, সিভিল সার্জন মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ সেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এরপর রাত ১২টা ১৫ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইভাবে জেলার বিভিন্ন উপজেলায়ও দলীয়ভাবে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মসূচিগুলো পালিত হয়।