
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে কর্মচারীদের পিটুনিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাতে নিহতের পিতা আলিমুর বিশ্বাস বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে, আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রবিজুল ইসলাম, এবং সুরাট ইউনিয়নের কাস্টসাগরা গ্রামের সাফিয়ার রহমানের ছেলে দাউদ হোসেন।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফীন জানান, নিহত যুবক নিরব হোসেন শনিবার রাতে শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গেলে কর্মচারীরা তাকে তেল দিতে অস্বীকার করেন। কিছুক্ষণ পরে নিরব আবার পাম্পে যান এবং অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নিরব হোসেন শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুড ব্যবসা করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।
এই ঘটনায় ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহরের আরাপপুরে একটি ফিলিং স্টেশন ভাঙচুর করেন এবং রাতে কেন্দ্রীয় বাসটার্মিনালের তিনটি বাসে আগুন ধরান।
এর প্রতিবাদে রোববার (৮ মার্চ) সকালে শ্রমিকরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন, ফলে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে, বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতিতে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
NGS/MMH