
শিপন মিয়া, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নিজ গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।
নিহত ব্যক্তি হলেন শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬৫)। তার ছেলে ফয়সাল হোসেন (২৫) ছোটবেলা থেকেই মানসিকভাবে অসুস্থ বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, সকালে শাহাদত হোসেন ও তার ছেলে ফয়সাল মাঠে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ ফয়সাল ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু হয়। এরপর ফয়সাল মাঠ থেকে ফিরে বাড়িতে এসে মাকে ঘটনা জানান।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা অভিযুক্ত ফয়সাল হোসেনকে আটক করেছি। সে মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, মানসিকভাবে অসুস্থ সন্তানদের প্রতি বিশেষ নজর না রাখলে এমন ঘটনা আরও ঘটতে পারে, তাই পরিবার ও সমাজকে সচেতন থাকতে হবে।