
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ ই বেংগলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলমের নেতৃত্বে হরিণাকুন্ডু থানার মন্ডলতলা গ্রামের বাসিন্দা নিয়াজ হোসেনের বাড়িতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোন আসামিকে পাওয়া না গেলেও বাড়ির আঙিনায় খড়কুটার স্তূপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাত ১টা ১৫ মিনিটে উদ্ধার করা ককটেল বোমাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিণাকুন্ডু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।