
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বাণী অর্চনা–১৪৩২ উপলক্ষে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
কলেজ প্রাঙ্গণের অভ্যন্তরে নির্মিত অস্থায়ী মন্দিরে অনুষ্ঠিত এ পূজায় বাণী অর্চনা, প্রার্থনা, পুষ্পাঞ্জলি ও অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পূজার কার্যক্রম চলে।
এছাড়া ঝিনাইদহ জেলার সদরসহ বিভিন্ন উপজেলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে পৃথকভাবে সরস্বতী পূজা উদযাপিত হয়। সবগুলো স্থানে শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পুরো জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। পূজা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ ও প্রশাসনের নিয়মিত নজরদারির কারণে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
জেলার সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।