
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পের অভিযানে পৌর এলাকার উদয়পুর গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি পতিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম (৪৫) বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। ১০ ইবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলমের নেতৃত্বে ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়পুর গ্রামে মাজেদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান পিস্তল, এক রাউন্ড অ্যামোনিশন এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃত মাজেদুল ইসলামের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি এর আগে জামিনে মুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্র ও নাশকতা প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, নির্বাচনকালীন সময়ে অবৈধ অস্ত্র, মাদক ও সহিংসতা প্রতিরোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও ধারাবাহিক অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
NGS/MMH