
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের নিয়োগে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ত রাজনীতি এবং জেলার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ—এসব গুণাবলি তাঁর নতুন দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে আব্দুল মজিদ জেলার মানুষের কাছে পরিচিত একটি নাম। ফলে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে।
জেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা তাঁর এই নিয়োগে সন্তোষ প্রকাশ করে বলেন, অভিজ্ঞ নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে তিনি জেলার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর সফল নেতৃত্বে ঝিনাইদহ জেলা উন্নয়ন ও সম্ভাবনার নতুন পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।