
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মহেশপুর উপজেলার কুসুমপুর, বাঘাডাঙা ও শ্যামকুড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে কুসুমপুর সীমান্ত এলাকা থেকে চিরঞ্জিত গোলদার নামে এক পুরুষ ও এক শিশুকে আটক করা হয়। একইদিন বাঘাডাঙা সীমান্ত থেকে কামাল সিকদার নামের এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়। এছাড়া শ্যামকুড় সীমান্তে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি নাগরিক—পরিতোষ কুমার ঘোষ, মো. দুলাল, দুই নারী ও দুই শিশুকে আটক করা হয়।
আটককৃতদের সবাই বাংলাদেশের নড়াইল, চট্টগ্রাম ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে বিজিবি নিশ্চিত করেছে।
বিজিবির কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, তারা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মানবপাচার ও অবৈধ পারাপার রোধে অভিযান অব্যাহত থাকবে।