
নিজস্ব প্রতিবেদক
সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান দেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে আসায় ঝিনাইদহ জেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রের আইন প্রণয়ন, বিচার প্রশাসন ও সংসদীয় কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় ভূমিকা রাখে। দীর্ঘ আইনজীবী জীবন ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় সংশ্লিষ্টরা মনে করছেন, তার নেতৃত্বে দেশের বিচারব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হবে।
শৈলকুপা ও ঝিনাইদহবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো—জেলা থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী জাতীয় নেতৃত্বে জায়গা করে নিলেন। শপথ গ্রহণের পর সাধারণ মানুষ, সামাজিক ও পেশাজীবী মহল অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশের আইন, বিচার ও সংসদীয় কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।