
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কাজল মল্লিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা বাইজিদ, রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মো. মনির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, শেখ মাকসুদুল হোসেন ও অ্যাডভোকেট আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের বিজয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে রূপান্তরের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ এবং সংগঠনভিত্তিক স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করার কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা উল্লেখ করেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী যুব সমাজকে আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যেই প্রতিবছর প্রায় দুই লাখ যুবক-যুবতীকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে।
সভায় জানানো হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ১৩ লাখ ২০ হাজার ১৩ জন যুবককে ইতোমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ প্রদান করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের জাতীয় যুব দিবসে পুরস্কৃত করা হচ্ছে।