
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
খুলনার ডুমুরিয়ায় তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ ভাতা বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ৯টায় ডুমুরিয়ার শাহপুর ইনস্টিটিউট অব লাইফস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ কর্মশালা ও ভাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মতবিনিময় করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন।
জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, “নারীরা ঘরে বসে না থেকে নিজ উদ্যোগে সাবলম্বী হবে। আমাদের লক্ষ্য হলো তৃণমূলের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।”
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মকর্তা আশা ডুমুরিয়া ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পের আওতায় চার মাসব্যাপী দুটি ক্যাটাগরিতে প্রশিক্ষণের জন্য ৩০০ জন নারী উদ্যোক্তার মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণ ক্যাটাগরির মধ্যে বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইনসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত ছিল।