
নিজস্ব প্রতিবেদক
পৈত্রিক জমি দখল, দলিল জালিয়াতি এবং প্রাণনাশের হুমকির বিরুদ্ধে সুষ্ঠু বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের মোঃ শওকত আলী খান।
রবিবার (১৩ জুলাই ২০২৫) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার পিতা নওয়াব আলী খান শাহাপুর মৌজার ২১টি এসএ খতিয়ানভুক্ত দাগের মালিক ছিলেন। জীবদ্দশায় ১৯৮৪ সালে ৬৭৯৯/৮৪ দলিলের মাধ্যমে মোট ৪.৭১ একর জমি তাকে ও তার ভাই মোহাম্মদ আলী খানকে দানপত্র (হেবা) দলিলের মাধ্যমে প্রদান করেন।
শওকত আলী দাবি করেন, তার বয়স তখন তিন বছর হলেও দলিলটি বৈধভাবে রেজিস্ট্রারভুক্ত হয়। কিন্তু তার পিতার দ্বিতীয় পক্ষের উত্তরাধিকাররা পরবর্তীতে একটি ভূয়া দলিলের মাধ্যমে তার দানীয় জমি দখলের চেষ্টা চালায়। তিনি রাজি না হওয়ায় ২০১৯ সালে স্থানীয় একদল ভূমিদস্যুর সহায়তায় ওই জমির দখল নেন শাহাপুর গ্রামের রবিউল ইসলাম খান শান্ত, এনামুল মোড়ল, আশরাফুল আলম খান, আইয়ুব আলী খান, আরাফাত খান, আশিকুজ্জামান খান, আব্দুল মান্নান খান (অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার), খান চন্দন বিশ্বাস, আসাদুজ্জামান, দেবব্রত পাড়ৈ, সালাহ উদ্দিন মোড়ল, পিন্টু বিশ্বাস, প্রকাশ মন্ডল, অমিয় বাছাড় ও সাগর মন্ডলসহ আরও অনেকে।
তিনি জানান, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর খুলনা জেলা রেকর্ড রুম থেকে তোলা ইনফর্মেশন স্লিপে দেখা যায়, তার নামে থাকা জমি সিল-সই জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়েছে। এরপর তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে সহকারী কমিশনার (ভূমি), ডুমুরিয়া তদন্তে নেমে একাধিকবার দখলকারীদের তলব করলেও তারা হাজির হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসে জমি বুঝে পাওয়ার আবেদন করলে ডুমুরিয়া সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা জাকির হোসেন তার তদন্ত রিপোর্ট ধামাচাপা দিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।
শওকত আলী বলেন, তৎকালীন ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের আত্মীয় পরিচয় দিয়ে একজন প্রভাবশালী ব্যক্তি তাকে জমির অর্ধেক লিখে দেওয়ার প্রস্তাব দেন। তা না মানায় তার বিরুদ্ধে ১০ থেকে ১২টি মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মারাত্মকভাবে আঘাত করে জখম করা হয়।
তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের দানীয় ও পৈত্রিক জমির নিরাপদ দখল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।