
শেখ মাহতাব হোসেন জেলা প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
তারিখ: ২ মে ২০২৫
খুলনার ডুমুরিয়ায় “ডুমুরিয়া ফাউন্ডেশন”-এর আয়োজনে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ডুমুরিয়া উপজেলার টিপনা শেখ আমজাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন।
এর আগে বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও। পরে শুরু হয় স্বাস্থ্যসেবা কার্যক্রম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা এবং ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বৃহত্তর খুলনা সমিতির সভাপতি অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেন।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পীর নেতৃত্বে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ মাহমুদ সবুর, যুগ্ম-সম্পাদক মহিউদ্দীন আহমেদ, জি এম আবু মুসা, এডভোকেট খালেদসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী টিম লিডার বৃষ্টি আক্তার।
দ্বিতীয় পর্বে অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেনের নেতৃত্বে ১১ জন চিকিৎসক রোগীদের মাঝে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন—প্রফেসর এমেরিটাস ডা. শেখ ইউনুস আলী, অধ্যাপক ডা. আজহারুল ইসলাম, ডা. বিশ্বাস আবুল হাসান, ডা. নাসিমা সুলতানা, ডা. শাহিন হাসান, ডা. এস. এম. জিহাদুল ইসলাম, ডা. তন্ময় মল্লিক, ডা. অর্জুন কুমার পাল ও ডা. সুপতা রানী সাহা।
এ সময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন শেখ আমজাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ আমজাদ হোসেন, স্থানীয় সাংবাদিক শেখ মাহতাব হোসেন, সমাজসেবক মুফতি আব্দুল কাইয়ুম জমাদার এবং ইউনিয়ন সভাপতি নূরুল ইসলাম।
ডুমুরিয়া ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।