
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
চলতি মৌসুমে ডুমুরিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
তিনি বলেন, “সরকার নির্ধারিত দামে ধান ও চাল সংগ্রহে কৃষক ও মিল মালিকরা উপকৃত হবেন। মাঠ পর্যায়ের কৃষক যাতে কোনো হয়রানির শিকার না হন, সেদিকে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কঠোর নজরদারি রাখতে হবে।”
২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা, সিদ্ধ চালের দাম ৪৯ টাকা, আতপ চালের ৪৮ টাকা এবং গমের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডুমুরিয়ায় এ বছর ১,৬০০ মেট্রিক টন ধান এবং ১,০৪২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা খাদ্য বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য পরিদর্শক মো. আক্তারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ বায়েজিদ এবং ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু।
সরকারি দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের এ উদ্যোগ কৃষকের আর্থিক নিরাপত্তা ও খাদ্যশস্যের সুষ্ঠু মজুদের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।