
উচ্চ ফলনশীল নতুন জাতের ধান ব্রি ধান-৯২ ও ব্রি ধান-১০০ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে খুলনার ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামে নবলোক পরিষদের আয়োজনে এবং পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠপর্যায়ে প্রদর্শনী প্লটে ধান চাষের ফলাফল পরিদর্শন করানো হয়। কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন এবং জানান, নতুন জাতের ধান চাষে তারা আগের তুলনায় অধিক ফলন ও আর্থিক লাভ পেয়েছেন।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় ও আশুতোষ কুমার দাস, সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পী হুসাইন, নবলোক পরিষদের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর (সঞ্চালক), এবং স্থানীয় সফল কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষকরা জানান, নবলোক পরিষদের কারিগরি সহায়তা ও পরামর্শে তারা কৃষিকাজে সফলতা পেয়েছেন। এ ধরনের প্রদর্শনী কৃষকদের আধুনিক ও লাভজনক চাষে আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।