
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামে মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের সবজি যেমন বেগুন ও লাউ চাষে কৃষকদের সাফল্য তুলে ধরতে অনুষ্ঠিত হলো মাঠ দিবস। বৃহস্পতিবার (২২ মে) এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ, পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায়।
মাঠ দিবসে কৃষকদের সরেজমিনে মালচিং পেপার বিছানো সবজির খেত পরিদর্শন করানো হয়। কৃষকরা জানান, মালচিং পেপার ব্যবহারে মাটির আর্দ্রতা রক্ষা, আগাছা নিয়ন্ত্রণ এবং কীটপতঙ্গের আক্রমণ হ্রাস পাওয়ায় উৎপাদন যেমন বেড়েছে, তেমনি খরচও কমেছে। ফলস্বরূপ তারা অধিক লাভবান হচ্ছেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকরা তাদের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শের জন্য নবলোক পরিষদ ও পিকেএসএফকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের আশুতোষ কুমার দাস, সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পী হুসাইন, নবলোক পরিষদের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর (অনুষ্ঠানের সঞ্চালক), এবং স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জলবায়ু সহিষ্ণু কৃষিপদ্ধতি ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তারে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।